শিরোনামঃ
বগুড়ায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ মেধায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বগুড়া প্রতিনিধি:
- আপডেট ১০:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 25
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা ও পাসের হারের দিক দিয়ে আট জেলার মধ্যে প্রথম হয়েছে বগুড়া। জেলার মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন।
এদিকে বগুড়া শহরের শীর্ষস্থানীয় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে এবার শীর্ষে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৪ দশমিক ৪০ শতাংশ।
পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে শহরের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল বিয়াম মডেল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটির ৪৩৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন, যা ৭৮ দশমিক ৬৭ শতাংশ।
বগুড়া জিলা স্কুলের ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করায় শতভাগ পাস হয়নি প্রতিষ্ঠানটির। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন, অর্থাৎ ৭৮ দশমিক ১২ শতাংশ।
শহরের অন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন, যা ৭৭ দশমিক ৩১ শতাংশ।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন, অর্থাৎ ৭৭ দশমিক ৩৩ শতাংশ।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাহস দিয়েছি। তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে। তাদের ফলাফলে আমি খুশি। আমি আশা করব, তারা আগামীতে আরও ভালো করবে।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, এই ফলাফলে আমরা সন্তুষ্ট নই। আমরা আরও এগিয়ে যেতে চাই, আরও ভালো করতে চাই। এজন্য ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে রোধ, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনাসহ সার্বিকভাবে আরও ভালো প্রচেষ্টা চালাতে হবে। আমাদের লক্ষ্য হলো, শুধু রাজশাহী বিভাগেই নয়, পুরো বাংলাদেশের মধ্যে বগুড়া যেন শিক্ষাক্ষেত্রে একটি শীর্ষস্থান দখল করে। শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো ফলাফল করবে এবং দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
ট্যাগ















