শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট ০৩:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 31

পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ‘বৃক্ষ দেবো ভব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন।
শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাঁধন কর্মকার কৃষ্ণের সঞ্চালনায় অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান কুমার মৈত্রেয়, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জি, মনীন্দ্র নাথ রায়, পরিতোষ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, এস. বাপ্পি মোহন্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও দেবালয়ে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মন্দির, দেবালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।






















