শিরোনামঃ
বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৭ শ্রমিকের, আহত ২০
স্টাফ রিপোর্টার
- আপডেট ১২:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 22
বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাতজন দিনমজুর শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন এর একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) দূরপাল্লার বাস ভোর সাড়ে পাঁচটার দিকে এরুলিয়া এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে কাজের উদ্দেশ্যে বেশ কিছু কৃষিশ্রমিক ও দিনমজুর অবস্থান করছিলেন। হঠাৎ বাসটির চালক গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির বাসটি সরাসরি সড়কের পাশে দাঁড়ানো অসহায় শ্রমিকদের ওপর উঠে পড়ে। বাসের চাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
নিহত ৭ জনের মধ্যে ৪ জনের প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে: তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুল। বাকি নিহত ৩ জনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, হাসপাতালে ভর্তি হওয়া আহত ২০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পরই দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠাতে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। ঘটনার পর বিপুলসংখ্যক উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে জড়ো হলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান: দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। নিহত ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ট্যাগ










