নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- আপডেট ০৫:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 26

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ৪ জন গাঁজা সেবনকারীকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর অনুমান ১টার দিকে নন্দীগ্রাম পৌরসভা ও নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে জনসমক্ষে গাঁজা সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের নিজস্ব স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল (২৮) ওমরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে, জয়নাল আবেদীন (৩৮) ওমরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে, রফিকুল ইসলাম (৪৮) হাটলাল দিঘীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে, সাইফুল ইসলাম (৪০) ভবানীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে নির্দিষ্ট মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান ও আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল এবং উপ-পরিদর্শক শামীমা আকতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
এলাকায় মাদকের বিস্তার রোধে এবং সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




















