কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধ গলিত লাশ উদ্ধার
- Update Time : ০৫:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৬৮৫ Time View

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। (২৭ আগস্ট)বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালিবাগ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন থেকে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি পৌরসভার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার সকালে মোস্তাফিজুরের বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।






















