নন্দীগ্রামে খাদ্য মজুত করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা
- Update Time : ০৮:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৪৪ Time View

বগুড়ার নন্দীগ্রামে অনুমোদনহীন প্রতিষ্ঠানে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বেআইনী কার্যক্রম পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। একদল পুলিশ নিয়ে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি করে উপজেলা প্রশাসন। মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজ ও মা বাবার দোয়া ট্রেডার্সে অবৈধ মজুতের প্রমাণ মিলেছে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউটর ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, খাদ্য অধিদপ্তরের ইস্যুকৃত লাইসেন্স ছাড়াই অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। দুই প্রতিষ্ঠানে খাদ্য শস্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়নি। আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে। মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল ইসলামের ২০ হাজার টাকা এবং মা বাবার দোয়া ট্রেডার্সের পরিচালক আব্দুল মালেকের ৫ হাজার টাকা। প্রাথমিকভাবে সতর্ক করাসহ লাইসেন্স ব্যতিত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার শর্তে অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
















