নন্দীগ্রামে মহাসড়কে বৃদ্ধের লাশ, মৃত্যু ঘিরে রহস্য
- Update Time : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৮ Time View

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তা সন্তানের অবহেলা, দুই স্ত্রীর ওপর অভিমান ও ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার কাথম পল্লী বিদ্যুৎ স্টেশন সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আজাহার আলী (৫৫) ধুনট উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জর্জিস হোসেনের ছেলে।
বৃদ্ধ বগুড়া শহরে বসবাস করতেন, কিন্তু নন্দীগ্রামে তার লাশ উদ্ধার ঘটনায় মৃত্যু রহস্যজনক মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাপ্ততথ্য ও পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধ আজাহার আলী তিনযুগ ধরে লন্ড্রির কাজ করতেন। দুই স্ত্রীর শেরপুর ও নাটোরে বসবাস করে। পৃথক সংসারেও সুখ মেলেনি। পরিবার বিচ্ছিন্ন হয়ে বগুড়া শহরের মালতিনগর এলাকায় লন্ড্রির দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নিহত বৃদ্ধের সহকর্মীরা জানান, আজাহার আলী পরিশ্রমী মানুষ। লন্ড্রির দোকানে গেলে দুই সংসারে অশান্তির কথা বলতেন। ঋণের টাকায় সন্তানদের পড়াশোনা, চাকরিসহ প্রতিষ্ঠিত করেছেন। সন্তান কৃষি বিভাগের কর্মকর্তা, কিন্তু বাবার খোঁজখবর রাখেনি। ঋণের টাকার চাপ, পরিবার আর সন্তানদের অবহেলায় তিনি মানসিক ভাবে ভেঙে পরেন। ঋণের টাকা পরিশোধের জন্য মঙ্গলবার তার জমি বিক্রি করার কথা ছিল।
নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি পরিবার ছাড়াই শহরে থাকতেন। গ্যাস ট্যাবলেট বা বিষপানের কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।










