বগুড়ায় পিস্তল ও মাদক উদ্ধার, হত্যার আসামিসহ গ্রেপ্তার ৭
- Update Time : ০৭:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১৫ Time View

বগুড়ায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে পিস্তল, গুলি, মাদক উদ্ধারসহ সাতজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সোমবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান ও র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উসমান গণি পৃথক তথ্য নিশ্চিত করেন।
রোববার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার সাদিক পার্ক এলাকায় ট্রাক চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি। গ্রেপ্তার সুমন হাসান (৩৫) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকসা এলাকার ফরিদ হোসেনের ছেলে। সোমবার বগুড়া শহরতলীর মাটিডালি এলাকা থেকে রফিকুল খুনের মামলার পলাতক আসামি আব্দুল বাছেদকে (৪৫) গ্রেপ্তার করে র্যাব। তিনি বগুড়া সদর উপজেলার শাখারিয়া দক্ষিনপাড়ার জমশের আলীর ছেলে। এরআগে পৃথক অভিযানে কাহালু উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শেরপুর উপজেলার সালফা এলাকার সবুজ মন্ডল (৪০) ও গোলাম মোস্তফা (৪৮)।
শনিবার মোকামতলা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৯) নামের কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা উত্তর বিছনদই এলাকার আশরাফ আলীর ছেলে।
একইদিন পৃথক অভিযানে মাটিডালি এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা- গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকর পাড়ার তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি এলাকার মোস্তাকিম (২২)।















