১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৪৯ Time View
উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও প্রধান অর্থনৈতিক কেন্দ্র বগুড়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বগুড়ার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং জেলার দীর্ঘদিনের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১ টার দিকে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী চান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান,বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি আরো বলেন,বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে মেট্রোরেলের আদলে ট্রেন গাবতলী পর্যন্ত চলাচল করবে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জলাবদ্ধতা নিরসন,পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী তাকে নগরীর সবুজায়ন বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং উন্মুক্ত স্থান সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি এ সময় সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে মীর শাহে আলম বলেন,সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে জনগণ উপকৃত হয় এবং রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়। ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাবকে আরও আধুনিক করতে সিটি কর্পোরেশনের মাধ্যমে এর অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক নানা দাবি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিমন্ত্রী সকলের প্রশ্নের উত্তর দেন এবং সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বক্তারা একমত পোষণ করেন যে,বগুড়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি,গণমাধ্যম ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত জরুরি। সভায় প্রেসক্লাবের কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :










