সড়কপথে ঢুকছে নতুন মাদক,টার্গেট গোটা উত্তরাঞ্চল
- Update Time : ০৩:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২৩ Time View

মাদকদ্রব্য ফেনসিডিল বেশি পরিচিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে কৌশল পাল্টেছে কারবারিরা। কড়াকড়ি নজরদারির মধ্যেও উত্তর জনপদে সরবরাহ হচ্ছে ফেনসিডিলের পরিবর্তে নতুন মোড়কের নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, এমকেডিল ও ফেয়ারডিল নামের সিরাপ। রাজশাহী থেকে সড়কপথে বগুড়ায় আসা মাদকের চালান জব্দ করেছে র্যাব।
সংশ্লিষ্ট সুত্র জানায়, কাশির সিরাপের আদলে পাচার হচ্ছে নতুন মোড়কের মাদকদ্রব্য এস্কাফসহ ভিন্ন নামের মাদক। সেগুলো কারবারিদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়। ফেনসিডিলের চেয়ে দাম অনেক কম হওয়ায় এস্কাফ সিরাপ সেবনে ঝুঁকছে মাদকাসক্তরা। ব্যাপক চাহিদার সুযোগ কাজে লাগিয়ে সড়কপথে আনা হচ্ছে মাদকের চালান। নতুন সিরাপগুলোর দাম কম হওয়ায় কারবারিরা নতুন করে বাজার সৃষ্টির চেষ্টা করছে। যারা ফেনসিডিলের কারবার করতেন, তাদের অনেকেই কাশির সিরাপ পরিচয়ের মাদক কারবারে জড়িয়েছে। নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। সতর্কতার পাশাপাশি মাদকের চালান ঠেকাতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার বগুড়া-নওগাঁ সড়কে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য ১৩৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে র্যাব। মোটরসাইকেলের তেলের ট্যাংকে ও সীটের নিচে বিশেষ কায়দায় আনা হচ্ছিল মাদক। বগুড়ার সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় এই অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় মাদকের ডিলার। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি জানান, রাজশাহীর শিবগঞ্জ থানা এলাকা থেকে মাদকদ্রব্য এস্কাফ নিয়ে আসে কারবারি। মোটরসাইকেলের তেলের ট্যাংকে ১শ বোতল ও সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৩৬ বোতল এস্কাফ পাওয়া গেছে।
গ্রেপ্তার মাদক কারবারি- গাইবান্ধার পলাশবাড়ী মহেশপুর মহল্লার মৃত জিল্লুর রহমানের ছেলে ছানাউল একরাম শাওন (৩০)। তার হেফাজতে থাকা মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, নিত্যনতুন কৌশলে আসা মাদক চালান ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত কয়েকমাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বেশিরভাগই নতুন মোড়কের নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, এমকেডিল ও ফেয়ারডিল নামের সিরাপ।
সম্প্রতি সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকার চেকপোস্টে নওগাঁ-বগুড়া সড়কপথে আসা মাদকের চালান জব্দ করা হয়। দুই নারী কারবারির কাছে ৭০ বোতল ফেয়ারডিল পাওয়া গেছে। রংপুর-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার সাজাপুরে ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে উদ্ধার হয় আরও ৮০ বোতল এস্কাফ। হাতেনাতে গ্রেপ্তার হয় নারী মাদক কারবারি।
গত বছরের ২৯ অক্টোবর প্রথমবার নজরে আসে ফেনসিডিলের পরিবর্তে এস্কাফ নামে নতুন মোড়কের মাদক। বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ডেন্টাল ইউনিটের সামনে র্যাবের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয় ৮ বোতল এস্কাফ।
পরে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার মহাসড়কে যানবাহন তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ বোতল এস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল। আদমদীঘি উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকা থেকে ১০০ বোতল এস্কাফ উদ্ধার করে র্যাব। সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়ার বসতবাড়ি তল্লাশি করে পাওয়া যায় ১৬ বোতল ফেয়ারডিল।
এ মাসে বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একশ’ বোতল এস্কাফসহ দুই কারবারিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাজাহানপুর উপজেলার পারতেখুর এলাকায় কৃষি কলেজের সামনে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।












