হামলায় চোখ হারানো বিএনপি নেতাকে লাখ টাকা সহায়তা দিলেন উপজেলা বিএনপি
- Update Time : ০৬:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৯৮ Time View

গত নির্বাচনী সহিংসতায় বগুড়ার নন্দীগ্রামে হামলায় এক চোখ হারানো বিএনপি নেতা আব্দুল মজিদ ওরফে মাসুদ রানাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় হলরুমে নন্দীগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে চিকিৎসাধীন মাসুদ রানার হাতে নগদ ১লাখ টাকা তুলে দেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন এবং উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে ঘটে এক ন্যক্কারজনক ঘটনা। ভোট কেনার অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোয় অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ওরফে মাসুদ রানা’র উপর হামলা চালায় জামাত শিবির। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়।















