০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় সমাবেশে পটকার শব্দ,আতঙ্কে জামায়াত নেতারা
স্টাফ রিপোর্টার
- Update Time : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৪৪৮ Time View
বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। উৎসবে ব্যবহৃত পটকার শব্দে আতঙ্কিত হন জামায়াত নেতারা। ককটেল বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়লেও ঘটনাস্থলে কোনো আলামত পায়নি পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মীর মুগ্ধ চত্বরে প্রতিবাদ সমাবেশ চলাকালে পটকা ফাটানো হয়। এসময় আতঙ্কে ছোটাছুটি করেন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে পুড়ে যাওয়া পটকার সুতা পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে পটকা ফাটানোর শব্দে ককটেল বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে সভাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ এলে স্থানীয় লোকজন জড়ো হন। ঘটনাস্থলে পটকার আলামত দেখা যায়। ধারণা করা হচ্ছে, শিশুরা কোনো মার্কেট বা বাড়ির ছাদে পটকা ফাটিয়ে আনন্দ করছিল। সেখান থেকেই হয়তো কয়েকটি পটকা সভাস্থলের পাশে পড়ে এবং ফেটে শব্দ হয়।
নন্দীগ্রাম থানার ওসি মো. ফইম উদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে পটকার আলামত দেখা গেছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। সমাবেশ সম্পন্ন করে নেতাকর্মীরা নিরাপদে চলে গেছেন।
জামায়াতের দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডে জড়িত খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনে দলটির আগাম মনোনীত সাংসদ প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।
এই বিষয়ে পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম বলেন, নন্দীগ্রামের একটি দালাল চক্র প্রোগ্রামকে বানচাল করার জন্য এ পটকা বিস্ফোরিত করেছে বলে আমরা সন্দেহ করছি।
Tag :











