০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলেই নগদ পুরস্কার,এমপি মোশারফ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৬৭ Time View
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, মাদকের সাথে কোনো আপস নেই। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করা হবে।
এই দুই এলাকার কোথাও কোনো মাদক ব্যবসায়ী বা কারবারির সন্ধান জানা থাকলে তাৎক্ষণিক প্রশাসনকে জানান। সঠিক তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তাঁর নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
গতকাল (১৮ জুন) নন্দীগ্রাম ও কাহালুর বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা ব্যক্ত করেন। এমপি মোশারফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না,পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। কাহালু ও নন্দীগ্রাম এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক ব্যবসায়ী বা অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে দুই উপজেলার পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি। সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী ও সাহসী ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন কাহালু ও নন্দীগ্রামের সচেতন নাগরিক সমাজ। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই পুরস্কারের ঘোষণার ফলে সাধারণ মানুষ মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিতে আরও উৎসাহিত হবে, যা এই দুই উপজেলাতেই মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
















