০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় দুই রাতে দুই খুন
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪১ Time View
বগুড়ায় গেল দুই রাতে কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে খুন করা হয়েছে। ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচন এবং নৃশংসতায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। একটি নৃশংসতার ২৪ ঘন্টার ব্যবধানে কুপিয়ে হত্যার ঘটনার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশন থেকে ইকবাল হাসান (৩৫) নামের একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে এবং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার। শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এরআগে শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের উপকন্ঠে তেলিপুকুর এলাকায় খুন হন যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলার আসামি শাকিল খন্দকার (৪০)। শনিবার সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল শহরের ছিলিমপুর মিয়াপাড়া মহল্লার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, শনিবার রাতে শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ভিকটিম ইকবাল ডিউটিতে ছিলেন। রোববার সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। হত্যাকান্ড ব্যক্তিগত বিরোধে ঘটে থাকতে পারে। মোটিভ কোন দিকে যাচ্ছে, এখনই বলা যাচ্ছেনা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার তেলিপুকুরে শাকিল হত্যার নেপথ্যে রয়েছে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তার। তাকে ডেকে নিয়ে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির জানান, ভারী কোন বস্তু দিয়ে শাকিলের মাথায় আঘাত করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন ও মাথার মগজ বের হয়ে গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।
Tag :











