১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ
বগুড়া প্রতিনিধি
- Update Time : ০৭:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৪৪৪ Time View
বগুড়ার ধুনট উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূ। অস্ত্রোপচারে দুই কন্যা, এক পুত্র সন্তানের জন্ম হয়। প্রসূতি মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আয়শা-জবেদা হাসপাতালে পরিবারের সম্মতিতে গৃহবধূর অস্ত্রোপচার করা হয়। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া আঁখি খাতুন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের বাসিন্দা এবং সুজন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সোমবার গৃহবধূ প্রসববেদনা অনুভব করলে তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। বিকেলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. সাখাওয়াত হোসেন অপু। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।
হাসপাতাল পরিচালক এমএ রাশেদ জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন। এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই তিন নবজাতকের জন্য দোয়া করবেন।
এদিকে তিন সন্তানের জন্ম হওয়ায় আঁখি খাতুনের পরিবার আনন্দিত। খবর ছড়িয়ে পড়লে তিন নবজাতক দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালে ছুটে আসেন।
Tag :
















