বগুড়ায় ছাত্রদল নেতার বাড়িতে স্বেচ্ছাসেবক দল নেতার হামলা
- Update Time : ০৫:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৭২ Time View

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ছাত্রদল নেতার বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত নারীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মানিক মিয়া বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি।
গতকাল রোববার দুপুরে নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল সোনারপাড়া মহল্লায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব হোসেন সাগর, তার বাবা আব্দুল হান্নান, চাচা আব্দুল মান্নান ও স্বপ্না খাতুন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মানিক মিয়াও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এরআগে, গত শনিবার বাড়ির ড্রেনেজ নিয়ে বিরোধে ছাত্রদল নেতা শিহাবের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই সদর থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়াসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ করেন বাদী সুফিয়া খাতুন। তিনি দাড়িয়াল মহল্লার শাহীন মিয়ার স্ত্রী।
অভিযোগের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় রোববার সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। দুপক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে ছাত্রদল নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। লোহার রড ও বাঁশের লাঠির আঘাতে মাথা ফেটে কয়েকজন রক্তাক্ত হন। অভিযুক্তরা হলেন- স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া, তার ভাই মামুন, একই মহল্লার আলীম, সালাম, শামীম, আলামিন ও রিজু।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন জানান, বসতবাড়ির পানির ড্রেনেজ নিয়ে পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া নিজেও আহত হয়ে চিকিৎসা নিচ্ছে।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, থানায় অভিযোগ করার পর দুপক্ষের মধ্যে মারপিটের বিষয়টি শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















