বগুড়ায় ১৯ বছর পর তারেক রহমান,স্বাগত জানাতে নানা আয়োজন
- Update Time : ১২:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২৬৮ Time View

দীর্ঘ বছর পর দেশে ফিররেছেন তারেক রহমান। ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর শুরু। বগুড়া থেকে যাবেন রংপুর জেলায়।
রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরে এসে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার শরীফ জিয়ারত করবেন তিনি।

এদিকে তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরে শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। সংস্কার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। শহরের গোহাইল সড়কটির সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে গত কয়েক বছর ধরে খানাখন্দে নাজেহাল ছিল। ১০ দিন আগেও ওই সড়কটি যানবাহনে চলাচল করা ছিল নিদারুণ কষ্টের। ওই সড়কটি খান্দাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে।
জর্জ কোট মোড়ে ঘোড়াকে রং করে চকচকে করা হয়েছে। শাকপালা মোড়ের পার্কটি সৌন্দর্য বাড়াতে কাজ চলছে।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নিবেন তারেক রহমান এরপর রংপুরের উদ্দেশ্য রওনা দিবেন।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।















