বগুড়ায় জমি বিরোধে অগ্নিসংযোগ: কৃষক লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৩:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২২২ Time View

বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বসতবাড়ির খড়ের পালায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক লীগ এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে ।
গত ২০ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা পূর্বপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় কৃষক লীগ নেতাসহ তিনজনের নাম উল্লেখ করে (২৩ নভেম্বর) রাতে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মো.এলাহী।
অভিযুক্তরা হলেন, উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা পূর্বপাড়া গ্রামের মো.শাহীন (৪০), মো. আপেল (৪০) এবং মো. তোতা (৩০)। এর মধ্যে ১নং বিবাদী মো.শাহীন তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
ঘটনার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়
বাদী মো.এলাহীর সাথে বিবাদীদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৫ নভেম্বর সকালে বিবাদীরা জোরপূর্বক এলাহীর ১৪ শতক জমির মধ্যে ৫ শতক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা এলাহী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় এলাহীর মা মোছা.এলেজা খাতুন এবং স্ত্রী মোছা.ফাতেমা আহত হন। এ সময় বিবাদীরা বাদীর স্ত্রীর কানে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়। উক্ত ঘটনার পর ভুক্তভোগী গত ৫ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯৬) করেন। জিডি করার পর থেকেই বিবাদীরা তাদের জমি দখল করলে বা জমিতে খড়ের পালা দিলে তা পুড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
পরবর্তীতে গত ১৯ নভেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে এলাহী ওই জমিতে ৪টি খড়ের পালা দেন। কিন্তু (২০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস ও শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী মো.এলাহী বলেন, শাহীন নিজেকে কৃষক লীগের নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখায়। তারা আগে থেকেই হুমকি দিয়েছিল যে জমিতে পালা দিলে আগুন লাগিয়ে দেবে। তারাই পূর্বপরিকল্পিতভাবে আমার ৪টি খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে শাজাহানপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় তিনজনার বিরুদ্ধে একটি এজাহার দায়ের হয়েছে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











