বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন, নেপথ্যে কলহ
- Update Time : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১১৩ Time View

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত শিল্পী বেগম (৩২) এক সন্তানের জননী।
বুধবার সকালে উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় হত্যাকান্ড ঘটে। অভিযুক্ত মিন্টু মিয়ার ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। বুধবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিল্পী বেগমকে বেধড়ক মারপিট করে স্বামী মিন্টু মিয়া। গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সুযোগ বুঝে পালিয়ে গেছে অভিযুক্ত স্বামী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার চেষ্টা চলছে।











