নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা,ভেকুর ব্যাটারি জব্দ
- Update Time : ০৫:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৪ Time View

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং ফসলি জমির মাটি কাটা বন্ধে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানের শুরুতে দুপুর ৩ টার দিকে উপজেলার হাটকড়ই বাজারে বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় রমজান উপলক্ষে কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত শহীদুল ওই এলাকার মোজাফ্ফরের ছেলে।
বাজার তদারকি শেষে উপজেলার কাথম পশ্চিম পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ঝটিকা অভিযান চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কাটার সাথে জড়িতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু)-এর ব্যাটারি জব্দ করে আদালত হেফাজতে নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার সংবাদকর্মীদের জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন:
রমজানে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুণ্ঠন এবং ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা উভয়ই দণ্ডনীয় অপরাধ। এসব জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।














