প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:২৫ পি.এম
তারেক রহমান স্কয়ার নাম বদলে ‘মীর মুগ্ধ স্কয়ার’ প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, 'মীর মুগ্ধ স্কয়ার' পূর্বের নাম ছিল তারেক রহমান স্কয়ার। এটি শুধু একটি স্থাপনার নাম নয়, জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী নিজের নামে স্কয়ার করেননি। 'মীর মুগ্ধ স্কয়ার' নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ার সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্ট সকলকে স্কয়ারের সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রতিদিন মানুষ যখন মীর মুগ্ধ স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, যেন তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ই-পেপার