০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএনপির প্রার্থী ক্লিন ইমেজের নেতা মোশারফ, দুর্গে উল্লাস
ডেস্ক নিউজ
- Update Time : ০৬:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৫০২ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছেন ক্লিন ইমেজ খ্যাত সাবেক এমপি মো. মোশারফ হোসেন। দলটির প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর থেকেই বিএনপির দুর্গে ব্যাপক আনন্দ ও উল্লাস ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার নির্বাচনী এলাকায় বিএনপি বরাবরই এগিয়ে। প্রার্থী চূড়ান্ত ৬টি আসনের শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং শুকরিয়া আদায় করছেন তৃণমূল নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসন : দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে নামবেন। বগুড়া-১ আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনে সাবেক এমপি মো. মোশারফ হোসেন এবং বগুড়া-৫ আসনে সাবেক এমপি জিএম সিরাজের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি বগুড়া-৪ আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন বলেছেন, কাউকে দূরে ঠেলে নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। দলের দুঃসময়ে একসাথে কাজ করেছি, সকলের অনেক অবদান রয়েছে। আসুন, সব মতপার্থক্য এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করি। মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রতিটি আসনের মতো বগুড়া-৪ কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় তৎপর আছেন সাবেক এমপি মোশারফ হোসেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় নিয়মিত গ্রামীণ জনপদে ছুটছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। সাঁটানো পোস্টার, ফেস্টুন এবং অস্থায়ী বিলবোর্ড জানান দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কাহালু উপজেলার নয়টি ইউনিয়ন, একটি পৌরসভা, নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ৩৯ বগুড়া-৪ আসন।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, বিএনপির দুর্গ বগুড়া-৪ আসন। এখানে একক জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ টিকিয়ে রেখেছেন সাবেক এমপি মোশারফ হোসেন। নিয়মিত দলীয় সভা, সমাবেশ, ব্যাপক প্রচারণা, সামাজিক কর্মকান্ড, আর্থিক সহায়তা, মতবিনিময়, উন্নয়নে সহযোগিতা ও গণসংযোগে তৎপর রয়েছেন।
সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত বগুড়া-৪ আসন বিএনপির দখলে ছিল। দলটি ২০১৪ সালের নির্বাচন প্রত্যাখ্যান করে। বিএনপির দুর্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের রেজাউল করিম তানসেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে বেদখল হওয়া বিএনপির দুর্গ পুনরুদ্ধার করেন মোশারফ হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপির দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন মোশারফ।
Tag :











