বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলার শেরপুর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সাবেক পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামকে আহ্বায়ক এবং সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রামকৃষ্ণ মোহন্ত, দীপক কুমার সরকার, রঞ্জন কুমার দে, বিমান মৈত্রেয়, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জি, মনিন্দ্রনাথ রায়, পরিমল সরকার ও জন্মঞ্জয় সরকার।
উল্লেখ্য, ধর্ম যার যার, রাষ্ট্র সবার”এই স্লোগানকে সামনে রেখে ১৯৮২ সালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক, সমাজকল্যাণমূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় হিন্দু সংগঠন। হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, পূজা-পার্বণ সুষ্ঠুভাবে উদযাপনে সহায়তা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, বর্ণবৈষম্য দূরীকরণ, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা এবং মানবাধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।