প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৭:৫১ পি.এম
বগুড়ায় প্রতিবেশী দুপক্ষের মারপিটে গৃহবধূসহ আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী দুপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। হত্যা চেষ্টার লিখিত অভিযোগ পেলেও তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মারপিটে আহত হয়েছেন গৃহবধূসহ উভয়পক্ষের তিনজন। একজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গেছে।
শনিবার (১৩ জুন)বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের মারিয়া গ্রামে প্রতিবেশী দুপক্ষের মধ্যে মারপিট হয়। আহত গৃহবধূ মিনারা খাতুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথা ও নাকে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্বজনরা।
এক পক্ষের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাগল মারাকে কেন্দ্র করে প্রতিবেশী দুপক্ষের পূর্ব বিরোধ চলছিল। নাসির উদ্দিনের পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার সময় মারামারি হয়। দুপক্ষের মারপিটে আহত হন গৃহবধূ মিনারা খাতুন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন তার স্বামী মোয়াজ্জেম হোসেন। তিনি শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। এতে প্রতিবেশী নাসির উদ্দিন, নাহিদা খাতুন, মানসুরা খাতুন, সালেকা খাতুন ও তহিদা খাতুনকে বিবাদী করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, প্রতিবেশী দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা শুনেছি। একপক্ষ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ই-পেপার