বগুড়ায় নির্বাচনের আগে গণভোট দাবিতে জামায়াতের বিক্ষোভ
- Update Time : ০৬:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৪৩২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট, ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি দলের আনুকুল্য পেতে গুরুত্বপূর্ণ দাবিকে উপেক্ষা করেছেন। একই দিনে ভোট ও গণভোটের ঘোষণায় জাতি হতাশ, বিস্মিত হয়েছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পদক্ষেপ নিন। অন্যথায় জনগণ উল্টোপথে হাঁটা শুরু করতে বাধ্য হবে।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও শহর জামায়াত আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নেতারা। সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর ও দলটির বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক প্রমূখ।











