প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৬:৩১ পি.এম
প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিব দম্পতি

বগুড়ার নন্দীগ্রামে দরিদ্র যুবদল কর্মীর বাড়িতে দীর্ঘদিন পানির জন্য হাহাকার চলছিল। আর্থিক সংকটের কারণে একটি টিউবওয়েল কিনতে পারেনি রকিব-শারমিন দম্পতি। পানির জন্য ছুটতেন এবাড়ি থেকে ওবাড়ি। বিরক্ত হয়ে প্রতিবেশীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।
উপজেলার রণবাঘা বাজার এলাকায় দীর্ঘ বঞ্চনার শিকার সেই অসহায় পরিবারের খোঁজ নিয়েছে উপজেলা যুবদল। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে পানি সংকট সমাধানেও পদক্ষেপ নিয়েছেন নেতারা।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদলের মানবিক কর্মকান্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আগেরদিন সোমবার বিকেলে রণবাঘা এলাকার দরিদ্র যুবদল কর্মীর বাড়িতে যান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রকিবুল ইসলাম রকিব ও তার স্ত্রী শারমিন খাতুন।
এলাকাবাসী জানান, এই পরিবারে পানির জন্য নির্ভর ছিল প্রতিবেশীর বাড়ি, সেখানেও ঘটে বিপত্তি। অন্যের বাড়ি থেকে প্রতিদিন খাবার পানি আনতে গেলে তুচ্ছতাচ্ছিল্য করে। পানির জন্য কথা শোনা খুবই কষ্টদায়ক। বাকবিতন্ডা হওয়ায় প্রতিবেশীরা পানি দেওয়া বন্ধ করে দেয়। প্রায় তিন বছর ধরে তারা কষ্টে দিন পার করছে। এলাকার কেউই স্থায়ী সমাধানে পদক্ষেপ নেয়নি। সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তিনি দলীয় অসংখ্য নেতাকর্মী ও অসহায় পরিবারের দুর্দিনে এভাবেই ছুটে গিয়ে মানবিক সহায়তা দেন। জনপ্রতিনিধি হলে জনগণ আরও উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে রকিবের স্ত্রী শারমিন বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পানির কষ্ট থেকে মুক্তি মিলছে। একটি টিউবওয়েল পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যাদের অর্থ সংকট তারাই জানে।
এদিকে, তাদের বাড়িতে পানি সমস্যার বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ নিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। টিউবওয়েলের পাশাপাশি জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় টুইনপিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এ তথ্য জানিয়েছেন বগুড়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া।
ই-পেপার