প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ২:১২ পি.এম
নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার অসহায়,গরীব ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে এবং বগুড়া-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন-এর বরাদ্দকৃত চাল এই কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।
রবিবার (২৮ জুন) সকাল দশটার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,বেলায়েত হোসেন আদর। নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ রেজাউল করিম কামাল। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন, বিএনপি নেতা বাচ্চু মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে বক্তারা বলেন, দেশের এই বর্তমান পরিস্থিতিতে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপি অন্যতম প্রধান দায়িত্ব। সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এরআগে, শনিবার বুড়ইল ইউনিয়নের ৬০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার। ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম প্রমুখ। এদিকে করোনাকালীন/দুর্যোগকালীন এই সময়ে চাল পেয়ে এলাকার অসহায় ও দুস্থ মানুষেরা সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ই-পেপার