প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৭:৩১ পি.এম
গাবতলীতে অস্ত্রের মুখে হাত বেঁধে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি

বগুড়ার গাবতলীতে শফিউল বারী শফি নামের এক লন্ডন প্রবাসীর বাড়ীতে জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে হাত বেঁধে নগদ দেড় লাখ টাকা ও সাড়ে ৮লাখ টাকার স্বর্ণাংকার লুট করেছে একটি ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গত ১লা সেপ্টেম্বর দিবাগত রাতে পৌরসভাধীন ১নং ওয়ার্ডের চাকলা মধ্যপাড়া গ্রামে লন্ডন প্রবাসী শফিউল বারী শফির বাড়ীতে। একাধিকসূত্র জানায়, উল্লেখিত চাকলা মধ্যপাড়া গ্রামের মৃত ছামসুল বারী আকন্দের ছেলে শফিউল বারী শফি বিগত ১৯৯০ সালে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর শফি ২০০৪ সালে দেশে ফিরে কয়েক বিঘা জমি ঘিরে বাউন্ডারী ওয়াল দিয়ে একটি সৌখিন ফ্লাট পাকা বাড়ী নির্মাণ করেন। শফি লন্ডনে ফিরে গেলে নির্মাণকৃত ফ্লাট বাড়ীটি দেখাশুনার দায়িত্ব পান তার বড়ভাই লতিফুল বারী তুহিন। গত সোমবার রাতে লতিফুল বারী তুহিন প্রতিদিনের ন্যায় স্ত্রী মাহফুজা বেগম ও ছোট ছেলে তৌফিকুল বারী তুরাগকে নিয়ে একটি এসি রুমে পৃথক ৩টি সোফায় ঘুমিয়ে পড়েন। ভোররাতে ৫/৬জনের একটি ডাকাতদল বাড়িটির রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেন। এরপর কাপড়ে মুখ ঢাকা ওই ডাকাতদল লতিফুল বারী তুহিন ও তার স্ত্রী-ছেলেকে ধারালো অস্ত্রের মুখে গামছা দিয়ে হাত বেঁধে কাথা দিয়ে পুরো শরীর ঢেকে রাখেন। ওই ডাকাতদল ফ্লাট বাড়ীর ৪টি রুমের বাঙ আলমারীসহ সমস্ত কিছু তছনছ করে নগদ দেড় লাখ টাকা ও সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণাংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী লতিফুল বারী তুহিনের প্রতিবেশি লবন ব্যবসায়ী হাবিবুর রহমানের গত ১৭আগষ্ট রাতে বসতবাড়ীর মেইন দরজার তালা ভেঙে ২টি বড় অটোরিজ চুরি হয়। থানায় অভিযোগ দিয়েও কোন সুফল মেলেনি। তবে লন্ডন প্রবাসী শফির বাড়ীতে ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়দের কেউ কেউ মনে করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মাদ রায়হান ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি।
ই-পেপার