নামের অভিন্নতা জনিত সরকারি ও প্রশাসনিক জটিলতা এড়াতে বদলে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম। উপজেলার নতুন নাম নির্ধারণ করা হয়েছে 'মহাস্থান উপজেলা'। দেশে একই নামে দুটি উপজেলা থাকায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গতকাল শুক্রবার (১২ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী এক সমাবেশে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।
সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা রয়েছে, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলায়। একই নামে দুটি উপজেলা থাকায় দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন কাজকর্ম ও প্রশাসনিক যোগাযোগে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই শিবগঞ্জবাসীর সমর্থন সাপেক্ষে এই উপজেলার নাম পরিবর্তন করে ঐতিহাসিক মহাস্থান নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাবও বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,প্রশাসনিক জটিলতা দূর করতেই মূলত প্রতিমন্ত্রী এই নাম পরিবর্তনের কথা বলেছেন এবং খুব শিগগিরই এটি বাস্তবায়িত হতে পারে।
ভৌগলিক অবস্থান অনুযায়ী শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। আয়তন ৩১৫ কিমি। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমি উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা,পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ।বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন।
শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ। ঐতিহাসিক মহাস্থানগড়ের ঐতিহ্যকে ধারণ করে উপজেলার এই নতুন নামকরণ ও প্রশাসনিক পুনর্গঠন স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।