বিএনপি কাজে বিশ্বাসী বলেই ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে- মোশারফ হোসেন
- Update Time : ০১:১৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী বলেই ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো মোশারফ হোসেন।
রবিবার ৮ই (ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক বেলায়েত হোসেন আদর এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ধানের শীষ মার্কা আমার ব্যক্তিগত কোনো মার্কা নয়। এই মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের মার্কা। সেই ঐতিহাসিক মার্কার পক্ষে আজ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, আর বিএনপিও সবসময় মানুষের পাশে থেকেছে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, আমরা শুধু কথা বলি না, আমরা কাজ করি। এ কারণেই মানুষের আস্থা ও ভালোবাসা বিএনপির প্রতি। আমি নির্বাচিত হলে বগুড়া-৪ আসনের অসমাপ্ত কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। নারী ও পরিবারকল্যাণের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়। জনপ্রতিনিধিদের নাগালের বাইরে থাকার অভিযোগ প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, অনেকে বলেন, নির্বাচিত হলে এমপিদের খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই-আমি নির্বাচিত হলে আমাকে খুঁজতে হবে না। ইনশাআল্লাহ, আমিই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজব।
তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ ও জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রার্থীকে কাছে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান শামীম চৌধুরী, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ-সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ, কে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ-সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।










