বগুড়ায় শ্বাসরোধে নারী খুন, নেপথ্যে বিবাহ বিচ্ছেদ!
- Update Time : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫০৫ Time View

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় শাহিনুর খাতুন (৫০) নামের স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্লু-লেস ঘটনার রহস্য উন্মোচনে ছায়া তদন্ত শুরু হয়েছে। হত্যাকান্ডের নেপথ্যে বিবাহ বিচ্ছেদের জের থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাথান এলাকার নিজ বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। হাত-পা বাঁধা, বিছানার চাদরে মোড়ানো এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। দুই সন্তানের জননী শাহিনুর খাতুন বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন ওই বাড়িতে একাই বসবাস করতেন।
স্থানীয়রা জানান, গোয়ালবাথান এলাকার পাশের গ্রাম কাটাখালিতে বসবাস করেন শাহিনুরের প্রাক্তন স্বামী আমিরুল ইসলাম। দাম্পত্য কলহে প্রায় একযুগ আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি গোয়ালবাথান গ্রামে এসে শাহিনুর বসবাস করতেন। কন্যার বিয়ের পর ছেলেকেও প্রবাসে পাঠিয়েছেন।
নিহতের নিকটাত্মীয়রা জানান, রোববার (৩১ আগস্ট) প্রবাসী ছেলের সঙ্গে মা শাহিনুরের শেষ কথা হয়। সোমবার সারাদিন মায়ের সঙ্গে প্রবাসী ছেলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পায়নি। পরে প্রতিবেশীদের জানালে কয়েকজন বাড়িতে গিয়ে শয়ন কক্ষের মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় প্রবাসীর মায়ের লাশ দেখে পুলিশে খবর দেয়। রোববার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার নেপথ্যে বিবাহ বিচ্ছেদের জের থাকতে পারে। ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছে নিহতের স্বজনরা।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম জানান, রহস্য উন্মোচনে সবদিক নজরে রেখে ছায়া তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।











